আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, তালিকায় আরও ৬ বাংলাদেশি ক্রিকেটার
আইপিএলে আবারও ফেরার অপেক্ষায় বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আগামী মৌসুমের মিনি নিলামে অংশ নিতে নিবন্ধন করেছেন তিনি। তাঁর সঙ্গে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও নিলামের তালিকায় জায়গা পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
একটি সূত্রের বরাতে জানা গেছে, মোস্তাফিজ ছাড়াও পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়সহ মোট ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আগ্রহী ক্রিকেটারদের নিবন্ধনের সুযোগ রয়েছে।
মোস্তাফিজের আইপিএলে ফেরার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক বিতর্কের কারণে। বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স তাঁকে নিলামের মাধ্যমে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত ছেড়ে দিতে হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরানোর দাবিও জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপেও অংশ নেয়নি দলটি।
আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতা অবশ্য বেশ সমৃদ্ধ। ২০১৬ সালে অভিষেকের বছরই সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েন তিনি। এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুমে ৬০টি ম্যাচ খেলেছেন এই পেসার। তাঁর শিকার ৬০ উইকেট, ইকোনমি রেট ৮.১৩। আইপিএলের ইতিহাসে পুরস্কারটি পাওয়া একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামে দলগুলো নিজেদের বিদ্যমান খেলোয়াড় ধরে রাখা কিংবা ছেড়ে দেওয়ার পর অবশিষ্ট অর্থ দিয়ে নতুন ক্রিকেটার সংগ্রহ করবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। বিদেশি খেলোয়াড়ের সীমা আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি। তবে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার হিসাব চূড়ান্ত হওয়ার পরই নিলামে দলগুলোর প্রকৃত ব্যয়ের সক্ষমতা জানা যাবে।





আপনার মতামত লিখুন