যানজটের ভোগান্তি কমিয়ে দ্রুত যাতায়াতের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু ট্যাক্সি চালুর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। এ লক্ষ্যে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান ইহ্যাংকে দুই আসনের বৈদ্যুতিক আকাশযান পরীক্ষার অনুমতি দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার কলম্বো কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ইতোমধ্যে ইহ্যাং তাদের EH216-S মডেলের উড়োজাহাজের পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেছে। এতে যাত্রী হিসেবে ছিলেন দেশটির জ্বালানি, বন্দর ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অনুরা করুণাতিলাকা এবং উপমন্ত্রী জনিথা রুয়ান কোদিথুওয়াক্কু।
উপমন্ত্রী জানিয়েছেন, বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি দেওয়ার আগে প্রায় পাঁচ মাস পরীক্ষামূলক কার্যক্রম চলতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দর থেকে কলম্বো শহরের কেন্দ্র পর্যন্ত এই সেবা চালুর সম্ভাবনা রয়েছে। বর্তমানে গাড়িতে এই পথ অতিক্রম করতে প্রায় ৩০ মিনিট সময় লাগে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, EH216-S মডেলের আকাশযানটি ১৬টি বৈদ্যুতিক মোটর ও ১৬টি প্রপেলারের সাহায্যে পরিচালিত হয়। এতে রয়েছে ১২টি ব্যাটারি প্যাক। যাত্রী ও সরঞ্জামসহ এর সর্বোচ্চ ওজন ৬২০ কেজি।
উড়োজাহাজটি একবার চার্জে প্রায় ২৫ মিনিট উড়তে পারে এবং সর্বোচ্চ ৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
চালকবিহীন যাত্রীবাহী উড়ুক্কু যান নিয়ে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার ও ব্রাজিলসহ বিভিন্ন দেশ কাজ করছে। এবার শ্রীলঙ্কাও এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগে যুক্ত হলো।