বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডে ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারে এই নিয়োগ কার্যক্রম পেট্রোবাংলার নিয়োগ নীতিমালা-২০১৬ অনুযায়ী সম্পন্ন হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া যেভাবে সম্পন্ন হবে
নীতিমালা অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে প্রতি পদের বিপরীতে সর্বোচ্চ ছয়জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার নম্বর যুক্ত করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
মেধাক্রম এবং প্রার্থীদের পছন্দের প্রতিষ্ঠান বিবেচনায় পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিগুলোতে নিয়োগের সুপারিশ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ পরবর্তী সময়ে নিয়োগপত্র প্রদান করবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার পর অন্য প্রতিষ্ঠানে বদলি বা মাইগ্রেশনের সুযোগ থাকবে না। প্রয়োজনে অপেক্ষমাণ তালিকা থেকেও শূন্য পদে নিয়োগের সুপারিশ করা হবে।
পরীক্ষার নম্বর বণ্টন
নিয়োগ পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষায় ৭৫, শিক্ষাগত যোগ্যতায় ১৫ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে কমপক্ষে ৫০ নম্বর পেতে হবে। ক্যাডারভেদে লিখিত পরীক্ষার বিষয় ও শিক্ষাগত যোগ্যতার নম্বর বণ্টনে পার্থক্য থাকবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীদের ১৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও পূর্ণাঙ্গ নীতিমালা পেট্রোবাংলার ওয়েবসাইটে পাওয়া যাবে।