যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ভালো ফলের পথে রয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। প্রাথমিক ফলাফলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের তুলনায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। নির্বাচনী পূর্বাভাস বলছে, নিম্নকক্ষের নিয়ন্ত্রণও দলটির হাতে যেতে পারে।
প্রাপ্ত ফলাফলে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের ১০২ জন এবং রিপাবলিকানদের ৬০ জন প্রার্থী জয়ী হয়েছেন। কয়েকটি আসনে এখনো গণনা চলছে। এই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।
সিনেটের লড়াইয়েও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এখন পর্যন্ত দলটির ৪৫ জন প্রার্থী জয় পেয়েছেন, যেখানে রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৬। উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রয়োজন ৫১টি আসন।
নির্বাচনে জর্জিয়া থেকে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট জন অসফ। এ ছাড়া মিশিগান থেকে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান রাশিদা তালিব।
অঙ্গরাজ্য পর্যায়েও এবারের নির্বাচন বিশেষ গুরুত্ব পেয়েছে। জর্জিয়ায় কিশা ল্যান্স বটমস প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। অন্যদিকে ফ্লোরিডায় বায়রন ডোনাল্ডস জয়ী হলে অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার ইতিহাস গড়বেন।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হবে। আগামী দুই বছরে সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসে দুই দলের বিরোধ আরও বাড়তে পারে।