গ্রিসের ক্রিট উপকূলে অভিবাসীবাহী নৌকায় ১৪ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ১৮
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টায় গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে একজন পরে হাসপাতালে মারা যান। ফলে দুর্ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ক্রিট দ্বীপের দক্ষিণে কালোই লিমেনেস বন্দর থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে নৌকাটির সন্ধান পাওয়া যায়। মরক্কোর পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ প্রথম নৌকাটি দেখতে পেয়ে উদ্ধারকাজে সহায়তা করে। পরে গ্রিসের কোস্টগার্ড জীবিতদের উদ্ধার করে এবং মরদেহগুলো উপকূলে নিয়ে আসে।
কর্তৃপক্ষের ধারণা, নৌকাটি কয়েক দিন ধরে সমুদ্রে ভাসছিল। প্রবল বাতাস ও প্রতিকূল পরিস্থিতির কারণে যাত্রীরা উপকূলে পৌঁছাতে পারেননি। উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এদিকে একই সময়ে ক্রিটের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় আরও কয়েকটি অভিবাসীবাহী নৌকার সন্ধান পাওয়া যায়। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের বিমান ও ড্রোনের সহায়তায় এসব নৌকার অবস্থান শনাক্ত করা হয়। বিভিন্ন উদ্ধার অভিযানে আরও শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
উন্নত জীবন, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যতের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপ পর্যন্ত পথটি অভিবাসীদের জন্য অন্যতম বিপজ্জনক রুট হয়ে উঠেছে। মানবপাচারকারী চক্রের মাধ্যমে অনিরাপদ ও অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় যাত্রা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
এই দুর্ঘটনা ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার প্রতিরোধ এবং সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের দ্রুত উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।





আপনার মতামত লিখুন